spot_img
spot_img

হোয়াইট হাউস অবরুদ্ধ, আটক ২

আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে দুটি পৃথক নিরাপত্তা ঘটনার পর সাময়িকভাবে অবরুদ্ধ করা হয় পুরো এলাকা। এর মধ্যে একটি গাড়ি লাফায়েত স্কয়ারের ফুটপাতে উঠে সাইনবোর্ডে ধাক্কা দেয়। দুই ঘটনায় দুজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাগুলো ঘটে সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি রুপালি রঙের গাড়ি লাফায়েত স্কয়ারের উত্তর পাশে ফুটপাতে উঠে একটি সাইনবোর্ডে ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক গাড়ি থেকে বের হলে নিরাপত্তাকর্মী ও ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরে তাঁকে আটক করা হয়।

আমেরিকার সিক্রেট সার্ভিস জানায়, একই সময় লাফায়েত স্কয়ারের উত্তর-পশ্চিম পাশে আরেক ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করেন। তাঁকেও দ্রুত আটক করা হয়। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট হাউসের আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। গাড়িতে বিস্ফোরক বা বিপজ্জনক কিছু রয়েছে কি না, তা পরীক্ষা করতে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের বিশেষজ্ঞ দল তল্লাশি চালায়। এ সময় হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদেরও সাময়িকভাবে ভবনের ভেতরে অবস্থান করতে বলা হয়। পরে অবরুদ্ধ অবস্থা তুলে নেওয়া হয়।

আটক দুজনের পরিচয়, ঘটনার কারণ কিংবা তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। দুটি ঘটনারই তদন্ত চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ