দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কয়েকটি ককটেল বিস্ফোরণ বা বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে প্রচার করা যৌক্তিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উদ্বেগের জবাবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল হিসেবে উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক। সরকার তাদের গঠনমূলক সহযোগিতাকে সবসময় স্বাগত জানায়। তবে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত চালাচ্ছে। এর পেছনে সীমান্তের ওপারে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সুস্পষ্ট ইন্ধন রয়েছে। পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্র বা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে সম্প্রতি মোট সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের হাতেনাতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। সিএমএম কোর্ট এলাকায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে রাতের অন্ধকারে রাখা একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা ফাঁকা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটি বলা যায় না। এসব প্রতীকী ঘটনাকে বড় করে দেখিয়ে পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে প্রচার করা বাস্তবসম্মত নয়।
দেশের গার্মেন্টস ও রপ্তানি খাত অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভেতর ও বাইরে থেকে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে নীল নকশা সাজানো হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে উসকানি এড়িয়ে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা হয়েছে।
সংসদে প্রকাশিত অপরাধের পরিসংখ্যানের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পুলিশের ওয়েবসাইট ও প্রাতিষ্ঠানিক তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের ঘটনা প্রায় ৩০০টি কমেছে। অথচ উদ্দেশ্যমূলকভাবে পুরো চিত্র তুলে না ধরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ এ দেশে দেওয়া হবে না। সীমান্তের বাইরে কিংবা দেশের ভেতরে যেখান থেকেই কোনো অপচেষ্টা বা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করা হোক না কেন, তথ্য-প্রমাণসহ তা জাতির সামনে উন্মোচিত করা হবে এবং সরকার কঠোর হাতে প্রতিহত করবে।
সংসদীয় কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে এ বিষয়ে বিস্তারিত সরকারি বিবৃতি সংসদে তুলে ধরা হবে বলেও জানান তিনি।











