spot_img
spot_img

গঙ্গার পানি বণ্টনে ভারতের সঙ্গে নতুন চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

গঙ্গা নদীর পানি বণ্টনে ভারতের সঙ্গে নতুন চুক্তি সম্পাদনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে। এ ছাড়া কূটনৈতিক মাধ্যমে ভারতকে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পানিসম্পদমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সংসদে প্রশ্নোত্তরে অংশ নেন।

মো. সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ডিসেম্বর মাসে চুক্তিটির মেয়াদ শেষ হবে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ফারাক্কায় গঙ্গার প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চুক্তিটির বাস্তবায়নকাল প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত। চুক্তির সংশ্লিষ্ট ফর্মুলা অনুযায়ী ১৯৯৭ সাল থেকে ফারাক্কায় গঙ্গা নদীর প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টন করা হচ্ছে।

এদিকে, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী তিস্তা নদী নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, তিস্তা নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে একটি টেকসই চুক্তি স্বাক্ষরে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আমরা আশা করব, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত নদীর ইকোসিস্টেম এবং তিস্তানির্ভর এলাকার মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ