গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি প্রশ্ন তুলেছেন, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে গোয়েন্দারা কী করছেন?
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা, ধারাবাহিক নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এমনকি আর্মি গল্ফ ক্লাব, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার গেটেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল হামলা হয়েছে এবং মঙ্গলবারও সেখানে দুজন আহত হয়েছেন। এ ছাড়া সীমান্তের পাহাড়ে সন্ত্রাসীদের দমন করতে গিয়ে এক তরুণ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, সাজেক উপত্যকাকে ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।
দেশে বিজিবি, র্যাব, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও এসব ঘটনায় কাউকে গ্রেপ্তারের দৃশ্যমান অগ্রগতি নেই বলে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমীর।
তিনি বলেন, জনগণ কয়েকজনকে ধরে দিলে পুলিশ তাদের নিয়ে যায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বতঃস্ফূর্তভাবে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। অথচ জাতীয় গুরুত্বপূর্ণ এই সংকট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ নীরব ও অকার্যকর ভূমিকা পালন করছে।
গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও গোয়েন্দাদের কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন জায়গায় বিরোধী দলের সদস্যদের নানাভাবে নাজেহাল করতে গোয়েন্দারা তৎপর রয়েছেন।
তিনি বলেন, এইমাত্র একজন সংসদ সদস্য জানিয়েছেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে তাঁকে ফোন করে দল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এমন কথা বলার অধিকার বা দুঃসাহস কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। আমরা কি আবার সেই সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?
বিরোধীদলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্তের বিনিময়ে দেশ থেকে যে ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে, সেই ফ্যাসিবাদকে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না।
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য এবং অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তিনি।











