এবার জাপানে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন প্রকৃতির এই করোনা যুক্তরাজ্যে শনাক্ত হওয়া স্ট্রেইন থেকে আলাদা।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, নতুন এই স্ট্রেইনটি পাওয়া গেছে ব্রাজিল থেকে জাপানে আসা চার যাত্রীর শরীর থেকে। তারা প্রত্যেকেই থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। নতুন বৈশিষ্ট্যের এই করোনা শনাক্ত হওয়ায় দেশটিতে করোনাভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টোকিওর ভাইরোলজি ইন্সটিটিউট করোনাভাইরাসের ওই নতুন স্ট্রেইনটির খোঁজ পেয়েছে বলে রোববার দাবি করেছে। তবে নতুন স্ট্রেইনটির বিষয়ে এখনও বিশদ কিছু জানা যায়নি।
গত কয়েক দিনে ব্রাজিল থেকে একাধিক যাত্রী টোকিওতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সবারই শরীরে করোনাভাইরাস মিলেছে।
বিমানবন্দরেই তাদের আইসোলেশনে পাঠানো হয়। চারজনের মধ্যে শ্বাসের কষ্ট শুরু হলে বছর চল্লিশের এক পুরুষ যাত্রীকে রোববার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে। একজনের গলাব্যথা আছে। অন্য দুজনের সামান্য জ্বর আছে।












