কাঁচা খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আইইডিসিআর জানায়, নিপাহ ভাইরাসে মৃত নারীর বাড়ি রাজশাহী এলাকায়। খেজুরের রস খেয়ে তিনি বাদুর বাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর আগে গত বছরেও (২০২২ সাল) নিপাহ ভাইরাসে আক্রান্তের তিনটি কেস পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। এদের একজন ছিলেন নওগাঁর, অন্যজন ফরিদপুরের।
বুধবার (১১ জানুয়ারি) শীতকালীন সংক্রামক রোগ ও নিপাহ ভাইরাস সংক্রমণ শীর্ষক আইইডিসিআর আয়োজিত এক মেডিকেল কনফারেন্সে বক্তারা এ তথ্য জানান।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, কাঁচা খেজুরের রস ও বাদুরের অর্ধেক খাওয়া ফল খাওয়া যাবে না। বাদুরের মূত্র বা লালার মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়।
তিনি বলেন, বাদুর যখন খেজুরের রস খায়, তখন তার দ্বারা সেটি ‘ইনফেকটেড’ হয়ে যায়। মানুষ সেই রস কাঁচা খেলে আক্রান্ত হয়ে পড়ে। তারপর আক্রান্ত ব্যক্তির মাধ্যমে তার পরিবারের সদস্য ও পরিচিতরা আক্রান্ত হয়। তাদের মাধ্যমে স্বাস্থ্য কর্মীরাও আক্রান্ত হতে পারেন।
তিনি আরও বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত ৭১ শতাংশ মানুষ মারা যায়। তাই কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে।











