পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক বলেছেন, বিএনপি দেশকে ধ্বংস করা, লুটপাট করা, জঙ্গীবাদ-সন্ত্রাস সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনি। কিন্তু দেশের জনগণের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে যে, কোন অসত্য অপ্রপ্রচার ও মিথ্যাচারে দেশের জনগণ বিভ্রান্ত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শরীয়তপুরের সখিপুর থানার নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, ক্ষমতায় থেকে বিএনপি দেশের অর্থ-সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার করে। সেই অর্থ দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এদের কোন দেশপ্রেম নেই, দেশের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই দেশের অগ্রযাত্রাকে বন্ধ করতে, দেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা চক্রান্ত করছে।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হচ্ছে নিজের স্বার্থ না দেখে পরের স্বার্থে কাজ করা। জনগণকে কতটুকু দিতে পারলাম, কতটুকু তাদের জন্য করতে পারলাম, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। যতটুকু আপনি দিতে পারবেন তাতেই আত্মতৃপ্তি, নিজের ভোগ-বিলাসের জন্য রাজনীতি না। রাজনৈতিক নেতা হতে হলে জনকল্যাণে কাজ করতে হয়, নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু সেই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন। আশা করি সেই আদর্শ নিয়েই আপনারা চলবেন। তাহলে আপনার নেতৃত্বও থাকবে, জনগণের আস্থা-বিশ্বাসও অর্জন করতে পারবেন।
নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশে এনামুল হক শামীম বলেন, এলাকার মানুষ যে আশা ও আকাঙ্খা নিয়ে ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছেন, তার প্রতিদান দিতে হবে। মনে রাখবেন দিন শেষে কিন্ত আমাদের ভোটারদের কাছেই যেতে হবে। কাজেই জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন। সেবক হিসেবে কাজ করলে মানুষ ভোট দিয়ে বার বার নির্বাচিত করবে।
তিনি বলেন, আপনারা জনগণের কল্যাণে কাজ করতে যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথটা কখনো ভুলবেন না। উন্নয়নের যে গতি ধারা সৃষ্টি করেছি সেটাও অব্যাহত রাখতে হবে। এখানে থেমে থাকলে চলবে না।










