কক্সবাজারের রামুতে মানবপাচারে জড়িত ইদ্রিসকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়াও ৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প থেকে মহিলাদের চাকরি দেওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে পাচার করে আসছিল একটি চক্র। এমন খবরের ভিত্তিতে রামুতে বিশেষ ডেলপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।
এসময় মাহেন্দ্র গাড়িতে থাকা ইদ্রিস তাদের দেখে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে র্যাব। গাড়িতে থাকা ৬ নারীসহ মোট ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
আটক ইদ্রিস প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, ভিকটিমকে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্প এলাকা থেকে মাহেন্দ্র গাড়িতে উঠিয়ে নেয় সে। কুমিল্লার পদুয়ার বাজার সীমান্ত দিয়ে তাদের পাচার করার পরিকল্পনা ছিল তার। উদ্ধারকৃতরা জানায়, উচ্চ বেতনের প্রলোভনে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার কথা ছিল তাদের।











