ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, আমেরিকা ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ আবার শুরু হলে তেহরান নতুন কার্ড প্রকাশ করবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।
বাঘের গালিবাফ বলেন, আমরা হুমকির মধ্যে কোনো ধরনের আলোচনা গ্রহণ করি না। গত দুই সপ্তাহ ধরে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড প্রকাশের প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ট্রাম্পের প্রকাশ্য বক্তব্য এবং চলমান মার্কিন অবরোধ আলোচনার জন্য সবচেয়ে বিপজ্জনক ঝুঁকি তৈরি করছে।
তিনি আরও জানান, ওয়াশিংটন ও তেহরান একটি সম্ভাব্য চুক্তির বিস্তৃত কাঠামো নিয়ে প্রায় একমত হয়েছে। তবে ট্রাম্পের কঠোর অবস্থান কূটনৈতিক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এর আগে সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকা ইরানি বন্দরের ওপর থেকে অবরোধ তুলে নেবে না।
সূত্র: মিডল ইস্ট মনিটোর











