ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের একটি শিশু হাসপাতালে রাশিয়া বোমাবর্ষণ করেছে বলে কিয়েভ এর দাবিকে নাকচ করে দিয়েছে মস্কো।
রাশিয়ার দাবি, আলোচিত ভবনটি আগে হাসপাতাল থাকলেও বর্তমানে এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনী ব্যবহার করছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
তিনি বলেন, রাশিয়া দু’দিন আগেই সতর্ক করে দিয়ে বলেছিল, ইউক্রেনের উগ্র সশস্ত্র জাতীয়তাবাদীরা ওই হাসপাতাল ভবনটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ভবনটিকে ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে গোলাবর্ষণ করার পর সেটিকে টার্গেট করা হয়। জাতিসংঘ নিশ্চিত না হয়েই ভুয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে দাবি করে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।











