আরও বেশি সংখ্যক ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেওয়া সংক্রান্ত প্রশ্ন শুনে অট্রহাসি দিয়ে বিপাকে পড়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অট্টহাসিতে ফেটে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার (১০ মার্চ) পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনের সময় এ ঘটনা ঘটে।
হ্যারিসের হেসে ফেলার কারণ ভিন্ন হলেও এমন জটিল ও স্পর্শকাতর প্রশ্নে এভাবে হাসিতে ফেটে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ট্রোলের শিকার হচ্ছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার কাছে প্রশ্ন করেন, তিনি যুক্তরাষ্ট্রের সাথে আরও বেশি সংখ্যক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ব্যপারে কথা বলেছেন কিনা। এসময় সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং কমলা হ্যারিস। তাই এই প্রশ্নের উত্তর কে দেবে তা বোঝার জন্য তিনি পোলিশ প্রেসিডেন্টের দিকে তাকান। এমন অপ্রস্তুত মুহূর্তের জন্য হেসে ফেলেন হ্যারিস। এ সময় পোলিশ প্রেসিডেন্টও হেসে ফেলেন। তবে সবার সামনে অট্টহাসিতে ফেটে পড়ায় সমালোচনার শিকার মার্কিন ভাইস প্রেসিডেন্ট।











