spot_img
spot_img

মৎস্যজীবী লীগের নেতার বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় মৎস্যজীবী লীগের এক ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে রাতের আঁধারে প্রতিবেশীর পুকুরে সেচযন্ত্র লাগিয়ে মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই মৎস্যজীবী লীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন পুকুরের মালিকের পরিবারের এক সদস্য।

অভিযুক্ত মৎস্যজীবী লীগের নেতার নাম আবদুল আজিজ (৪৮)। তিনি লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের উজিরহাটের মজিদার পাড়া এলাকায়। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন একই এলাকার বাসিন্দা আছিয়া খাতুন (৬০)।

লিখিত অভিযোগে আছিয়া খাতুন বলেন, যে পুকুরটি থেকে মাছ চুরি করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পুকুরটিতে সেচপাম্প লাগিয়ে মাছ শিকার শুরু করেন আবদুল আজিজ এবং স্থানীয় দুই বাসিন্দা আলমগীর হোসেন ও সৈকত হোসেন। এ সময় প্রায় চার মণ মাছ চুরি করেন তারা। শুক্রবার সকালে মাছ চুরির বিষয়টি জেনে আছিয়া খাতুন পুকুরটিতে যান। সেখানে গিয়ে আবদুল আজিজসহ অভিযুক্ত অপর দুজনকে পুকুরে মাছ ধরতে দেখেন। এ সময় তাদের কাছে মাছ চুরির কারণ জানতে চাইলে তাকে গালিগালাজ করা হয়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে একটি সেচযন্ত্র জব্দ করেছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ