বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সরকারের মদদে ভয়াবহ দুর্নীতি চলছে। ভয়াবহ এই দুর্নীতির তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেবে বিএনপি। দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত মতে, আপাতত দুটি বিষয়ে তদন্ত করার জন্য আজই (সোমবার) দুদকে চিঠি দেওয়া হবে।
আজ সোমবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মির্জা ফখরুল বলেন, দুর্নীতি এখন সবচেয়ে বড় ব্যাধি। এটা এখন ক্যান্সার মতো সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঘুষ দেওয়া ছাড়া কারো কোনো কাজ হবে না। কথা শুনবে না, আইন আদালতে বিচার পাবে না। সবচেয়ে খারাপ অবস্থা আদালতে সেখানেও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। এর কারণ হলো সরকারের সর্বোচ্চ মহল থেকে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কয়েকটি বিষয় আমরা তুলে ধরেছিলাম, এর মধ্যে একটা ছিল টেলিফোনে কথোপথন। যেটা আইনমন্ত্রীর শিকারোক্তি ছিল যে‘ইনোসেন্ট করভার্সেশন’। ওই ইনোসেন্ট করভার্সেশনের মধ্যে যে বিষয়গুলো ছিল সেটা আমরা জানতে চেয়েছিলাম। সেই বিষয়গুলোর ওপরে কোনো তদন্ত হলো কিনা সেটা আমরা জানতে চেয়েছিলাম। এছাড়া ফরিদপুরে একটি পরিবারের দুই হাজার কোটি টাকা পাচারের একটা ঘটনা ছিল। পরে দেখা যায় এগুলো আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। এ বিষয়গুলো আমরা আমাদের দলের সর্বোচ্চ ফোরামে সিদ্ধান্ত নিয়েছি। দুটো বিষয় নিয়ে দুদকে চিঠি দেব। চিঠিতে তদন্ত করার জন্য অনুরোধ করা হবে। ধারাবাহিকভাবে যেসব ইস্যু আসছে সেগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবো। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনে পাঠাবো।











