আজ ভোররাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছায়।
প্রতিনিধি দলের প্রধান সেখানে পৌঁছে সাংবাদিকদের বলেন, “ইরান সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে এসেছে, তবে আমেরিকার ওপর তাদের আস্থা নেই।”
শনিবার (১১ এপ্রিল) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তিনি আরও উল্লেখ করেন, অতীতের আলোচনায় দুই পক্ষের মধ্যে করা প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনের ব্যর্থতাই এই অবিশ্বাসের মূল কারণ।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।











