spot_img
spot_img

হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ নেওয়ার দাবি আমেরিকার; প্রত্যাখ্যান করল ইরান

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি দিয়ে নিজেদের যুদ্ধজাহাজ নেওয়ার দাবি করেছে আমেরিকা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের কোনো জাহাজ হরমুজ পার হয়নি।

শনিবার (১১ এপ্রিল) সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়ার পর এমন দাবি করল আমেরিকা।

সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের সঙ্গে কোনো সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ নেওয়ার কথা বলেছেন মার্কিন এক কর্মকর্তা।

এই যুদ্ধজাহাজ নেওয়ার লক্ষ্য ছিল বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, যে তারা চাইলে হরমুজ প্রণালি পার হতে পারবে।

মার্কিন কর্মকর্তা বলেছেন, উপসাগরের পূর্ব থেকে পশ্চিম দিকে তাদের যুদ্ধজাহাজটি গেছে। এরপর হরমুজ প্রণালি পার হয়ে এটি আরব সাগরে পৌঁছেছে।

এ ঘটনাকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দাবি করে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছে বলেও দাবি করেছেন ওই মার্কিন কর্মকর্তা।

ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলেছে, আমেরিকার কোনো জাহাজই হরমুজ প্রণালি দিয়ে পার হয়নি।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, বিশ্বের সব দেশের স্বার্থে হরমুজ থেকে তারা মাইন অপসারণ শুরু করেছেন। যদিও গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণেই রয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ