পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছে। চলছে গণগ্রেফতার।
বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের অনেক এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। বিক্ষুব্ধ জনতা সামরিক সম্পত্তিতে হামলার পর কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সহিংস বিক্ষোভ সহ্য করা হবে না। যারা আইন নিজের হাতে তুলে নেয়, তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তবে আদালতে দোষী সাব্যস্ত হলে আজীবনের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচনে দাঁড়াতে অযোগ্য হতে পারেন তিনি। চলতি বছরের শেষের দিকে দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে বিক্ষোভ দমাতে পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু করেছে গণগ্রেফতার। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: বিবিসি










