ফিলিস্তিনের গাজ্জা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। টানা সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত শহীদ হয়েছেন প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি। এমন অবস্থায় আমেরিকা বলছে, গাজ্জায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরাইল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
শনিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা যুদ্ধের সময় কিছু ক্ষেত্রে আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে আমেরিকা জানিয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এটি মূল্যায়ন করা যুক্তিসঙ্গত যে, আমেরিকার সরবরাহকৃত অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরাইলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয়েছে।
তবে স্টেট ডিপার্টমেন্ট বলছে, মার্কিন সরকারের কাছে তার এই মূল্যায়নে সম্পূর্ণ তথ্য নেই।
বিবিসি বলছে, বিলম্বের পর শুক্রবার আমেরিকার কংগ্রেসে এই রিপোর্ট পেশ করা হয়। হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে, দেশটি কীভাবে গত বছর সংঘর্ষের শুরু থেকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে।











