আমেরিকার ইতিহাসে এই প্রথম ফেডারেল আদালতে একজন মুসলিম হিসেবে নিয়োগ পাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান জাহিদ কোরেশি। নিউজার্সি অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে বিচারকের পদে নিয়োগ পাচ্ছেন তিনি। আমেরিকার সুপ্রিম কোর্টের মাত্র এক ধাপ নিচে এই ফেডারেল বেঞ্চ।
বৃহস্পতিবার ৮১-১৬ ভোটে মার্কিন সিনেটে কোরেশির নিয়োগ নিশ্চিত হয়েছে।
জাহিদ কোরেশি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে পাকিস্তানি এক অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে ওঠেন নিউ জার্সিতে। তিনি রাটগার্স ল স্কুলে পড়াশোনা করেন। নিউজার্সির বিখ্যাত রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে পড়াশোনা করেন। ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করার সময় ইরাকে মোতায়েন ছিলেন। ২০১৯ সালে তিনি ইউএস ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান।
পরে তিনি সরকারি দুর্নীতি, সঙ্ঘবদ্ধ অপরাধ ও আর্থিক প্রতারণাবিষয়ক বিশেষজ্ঞ এটর্নি হিসেবে হোমল্যাননড সিকিউরিটি বিভাগে যোগ দেন।
নিউ জার্সির সিনেটর বব মেনেনদেজ বলেন, বিচারপতি কোরেশি আমাদের দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তার কাহিনীতে আমেরিকায় সবকিছু সম্ভব বলে যে কথা রয়েছে, তারই প্রতিফলন ঘটেছে।
নিউ জার্সির সিনেটর কোরে বুকার কোরেশির নিয়োগের সুপারিশ করেছেন। তিনি কোরেশিকে দৃঢ়বিশ্বাসী লোক হিসেবে অভিহিত করে তার দেশপ্রেমেরও প্রশংসা করেন। সেইসাথে তিনি বলেন, তিনি একইসাথে মুসলিমও।
মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের সভাপতি সালাম আল-মারায়াতি নিউ জার্সি নিউজ আউটলেট নর্থজার্সিডটকমকে বলেন, কোরেশি আমেরিকান বিচার বিভাগে মুসলিমদের ভবিষ্যত পথচলার সূচনা করেছেন।
তিনি বলেন, আমরা আশা করছি, হোয়াইট হাউস আরও বেশি বিচারক নিয়োগ করবে, সিনেট তা অনুমোদন করবে। আমরা আরো আশা করছি, সিনেট নমিনিদের ধর্মীয় লিটমাসে পরীক্ষা করার বাধাগুলো দূর করবে।
সূত্র: ডেইলি সাবাহ












