সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার নির্বাচনে অংশগ্রহণের বৈধতা নেই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বিএনপি এর বিরোধিতা করছে। বঙ্গবন্ধু হত্যার পর বিএনপি পেছনের দরজা দিয়ে দল গঠন করে। একইভাবে জাতীয় পার্টিও দল গঠন করে। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল। খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তারেক জিয়া পলাতক আসামি। তারা ভোটে অংশ নিতে পারবেন না।
শনিবার (১১ জুন) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এ ট্রেনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অচিরেই পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের কাজ শুরু হবে। এর ফলে ভারতের সঙ্গে কানেকটিভিটির সুযোগ তৈরি হবে।
সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ১৯৮৬ সালের ১৬ মার্চ উদ্বোধন করা হয়। পঞ্চগড়ের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি চালু হলো। দোলনচাঁপা পঞ্চগড় থেকে প্রতিদিন ভোর ৬টায় সান্তাহারের উদ্দেশে যাত্রা শুরু করবে এবং সান্তাহার থেকে সকাল ১১টায় পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবে।










