যেসব জায়গায় বিমান অবতরণ করতে পারে না, সেসব জায়গায় প্যারাসুটের সাহায্যে সামরিক কুকুর পাঠাবে রাশিয়া। তাই কুকুরের জন্য নতুন ধরনের প্যারাসুট তৈরি করেছে দেশটি। কুকুরদের প্যারাসুটে অবতরণ করার জন্য প্রশিক্ষণ দিচ্ছে দেশটির সেনাবাহিনী।
রাশিয়ার টেকনোডিনামিকা নামে এক প্রতিষ্ঠান নতুন ধরনের এই প্যারাসুট তৈরি করেছে। তারা এরইমধ্যে এই প্যারাসুটের পরীক্ষামূলক কয়েকটি ছবি, ভিডিও আর সংশ্লিষ্টদের সাক্ষাতকার তাদের ইনস্টাগ্রাম আর ইউটিউবে পোস্ট করেছে।
টেকনোডিনামিকা জানায়, এই ধরনের প্যারাসুট রাশিয়ায় প্রথম। বিমান অবতরণ করতে পারে না এমন জায়গায় এই প্যারাসুটে একজন সেনা একটা সামরিক কুকুরকে সাথে নিয়ে উদ্ধার অভিযান চালাতে পারবে।
টেকনোডিনামিকার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা বিমান থেকে প্রশিক্ষিত সামরিক কুকুর নিয়ে প্যারাসুটে নামতে প্রস্তুত হচ্ছে। প্যারাসুটে মানুষের সামনে কুকুর বহন করার আলাদা চেম্বার আছে।
চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে এই প্যারাসুটের ব্যবহার শুরু হবে বলে জানা গেছে।












