পাকিস্তানে সেনাবাহিনীর সমর্থন ছাড়া সরকার চালানো সম্ভব না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শাহবাজ শরিফ।
সাক্ষাৎকারে ইমরান খান সরকারের ক্ষমতাচ্যুতের বিষয়ে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিষয়টি উড়িয়ে দেন শাহবাজ শরিফ।
তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি দুই দফায় জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে এমন কোনো কথা হয়নি বলে তাকে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত আসাদ মাজিদ।
ওই ষড়যন্ত্রে সেনাবাহিনীর জড়িত থাকার বিষয়টিও ভিত্তিহীন বলে দাবি করেন পাক প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পাকিস্তানে সেনাবাহিনীর সমর্থন ছাড়া সরকার চালানো সম্ভব না। তার সরকার যেমন সেনা সমর্থন পেয়েছেন ঠিক তেমনি ইমরান খানের সরকারও একইভাবে পরিচালিত হয়েছে বলে দাবি করেন তিনি।
সাক্ষাৎকারে বড় ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে আসার খবরও জানান শাহবাজ। তিনি বলেন, আগামী মাসে পাকিস্তানে ফিরে দলেন নির্বাচনী প্রচারে যোগ দেবেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা নওয়াজ শরীফ।
২০১৯ সাল থেকে স্বাস্থ্যগত কারণে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে অবস্থান করছেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ আউটলেট দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাতে ওয়াশিংটনের ভূমিকা ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে এক বৈঠকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা না হলে পাকিস্তানকে একঘরে করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়।
ওই বৈঠকের একমাস পরই পার্লামেন্টে আস্থা ভোটে ক্ষমতাচ্যুত করা হয় ইমরান খানকে। এ ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তা ছিল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।










