কাতারের দোহায় তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দোহায় অনুষ্ঠিত ২ দিনের বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন দু’পক্ষের প্রতিনিধিরা।
আফগানিস্তানের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং সেদেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয় বৈঠকে।
এছাড়াও বৈঠককে নিরপেক্ষ এবং কার্যকর হিসেবে বর্ণনা করেছে ওয়াশিংটন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কথায় নয়, বরং কাজের মাধ্যমেই তালেবানদের বিচার করা হবে। এ বিষয়টি তালেবানের কাছে স্পষ্ট করা হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা জানান তালেবান নেতারা।
এদিকে নিরাপত্তাজনিত কারণে কাবুলের সেরেনা হোটেল এবং আশপাশের এলাকায় থাকা নাগরিকদের অন্য এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগানিস্তানে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের জন্যও একই সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।












