spot_img

খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে: মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই, যদি বেগম খালেদা জিয়ার সামান্যতম কোনো ক্ষতি হয় তাহলে এ দেশের মাটিতে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একাত্তরে যেভাবে বাংলাদেশের মানুষ ১৪৪ ধারা জারি ভঙ্গ করে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছিল, একইভাবে এ দেশের মানুষ ১৪৪ ধারা ভাঙতে শিখেছে। সুতরাং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আপনারা আটকাতে পারবেন না। আপনারা যত বাধা দেবেন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন তত ত্বরান্বিত হবে। যখন দেখছেন জনগণ ১৪৪ ধারা ভাঙছে ঠিক তখনই আপনারা করোনার দোহাই দিয়ে মিটিং-মিছিল বন্ধ রাখছেন। বইমেলা চলছে, বাণিজ্যমেলা বন্ধ নেই, নির্বাচন বন্ধ নেই। সব চলবে, শুধু বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের মিটিং-মিছিল চলবে না-এটাতো হতে পারে না। এটা হতে দেব না।

তিনি বলেন, অবশ্যই করোনা পরিস্থিতি ভয়াবহ হলে আমরা তা মানবো। কিন্তু করোনা পরিস্থিতি সে পর্যায়ে যায়নি। সত্যি সত্যি করোনা বেড়ে গেলে আমরা এ দেশকে, এ দেশের মানুষকে ভালোবেসে অবশ্যই তা বন্ধ রাখবো। কিন্তু তার মানে এই নয় যে, আমাদের আন্দোলন থেমে যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চলবে, আন্দোলন থামবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ