spot_img
spot_img

ঢাকাকে স্মার্ট সিটি গড়তে একসঙ্গে কাজ করবে উত্তর-দক্ষিণ

ব্যবসা ও বিনিয়োগের জন্য ঢাকাকে একটি আদর্শ ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলতে কার্যক্রম চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে কাজ করার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ডিসিসিআইর পরিচালনা পর্ষদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো সামীর সাত্তার ‘ইন্টিগ্রেটেড পেমেন্ট গেটওয়ে’ প্রসঙ্গ তুলে ধরেন। এর মাধ্যমে তিনি দক্ষিণ সিটি করপোরেশন থেকে প্রদত্ত নতুন ট্রেড লাইসেন্স প্রদান, নবায়ন ও অনলাইন সেবাসহ অন্যান্য ফি প্রদান প্রক্রিয়াকে অটোমেশনের মাধ্যমে ডিজিটাল কার্যক্রমের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

এ সময় সামীর সাত্তার দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সেবা ঢাকা চেম্বার কার্যলয় থেকে প্রদানের জন্য ডিসিসিআইতে একটি বুথ স্থাপনের আহ্বান জানান। এ লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও প্রস্তাব করেন তিনি।

ঢাকা শহরের ট্রাফিক জ্যাম প্রসঙ্গ তুলে ধরে তিনি জ্যাম নিরসনে সিটি করপোরেশনকে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, এ সমস্যার সমাধান করা গেলে মানুষের কর্মঘণ্টা নষ্ট হবে না, জ্বালানি খরচ হ্রাস পাবে, সেই সঙ্গে ব্যবসা পরিচালনায় ব্যয় অনেকাংশে কমে আসবে।

এ ছাড়া তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ট্রেড লাইসেন্স প্রদানে আহ্বান জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, নতুন তরুণ উদ্যোক্তাদের অনেকেরই ব্যবসায়িক কার্যালয় নেই, এসব তরুণ উদ্যোক্তাকে সহজ শর্তে ট্রেড লাইসেন্স প্রদানের বিষয়ে সিটি করপোরেশনের বিবেচনা করা উচিত।

এর জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে’-এর কার্যক্রম পুরোমাত্রায় চালু হলে, সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ফি-সহ অন্যান্য সেবা অনলাইনে গ্রহণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ব্যবসা ও বিনিয়োগের জন্য ঢাকাকে একটি আদর্শ ‘স্মাট সিটি’ হিসেবে গড়ে তুলতে কার্যক্রম চালমান রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ডিসিসিআইতে সপ্তাহব্যাপী ‘রেভিনিউ ক্যাম্প’ আয়োজনের উদ্যোগ নেয়া যেতে পারে। যার মাধ্যমে ডিসিসিআইর সদস্যরা ট্রেড লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারবেন।

সিটি করপোরেশন ঢাকা শহরের যানজট নিরসন ও পরিবহন চলাচলে শৃঙ্খলা আনার জন্য ‘আইওটি’ ভিত্তিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান মেয়র।

এ ছাড়া কোনো কর বৃদ্ধি না করেই দক্ষিণ সিটি করপোরেশন গত অর্থবছরে ৮৭৯ কোটি টাকার রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান), সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী সহ পর্ষদের সদস্যরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ