সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, তাদের কাছ থেকে ৫০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে এসব আসনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হলেও পরে অন্যদের জয়ী দেখানো হয়েছে।
তারা দাবি করেছে, এই আসনগুলো এবং সেইসাথে সংরক্ষিত ৭০টি আসন থেকে তাদের হিস্যা দেয়া হলে তাদের মোট আসন হবে ১৭০। আর তাতে করে তারা একাই সরকার গঠন করতে পারে।
পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লতিফ খোসা রোববার রাতে দাবি করেন, পিটিআই-সমর্থিত ৫০টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয় করে ফরম ৪৫ দেওয়া হয়েছিল। এসব আসনে ওইসব প্রার্থী কয়েক হাজার ভোটে জয়ী হয়েছিল।
এআরওয়াই নিউজকে খোসা বলেন, আমাদের কাছে সুস্পষ্ট সরকারি সিলমোহর, এবং সেইসাথে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সই রয়েছে।
তিনি বলেন, পিটিআই এই ৫০ আসন ফিরে পাবে। তিনি বলেন, এগুলোর সাথে নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনগুলো পেলে তাদের আসনসংখ্যা হবে ১৭০টির মতো।
তিনি বলেন, আমরা আদালতে গেলে আমরা নিজেরাই সরকার গঠন করতে পারব।
তিনি আরও বলেন, ‘অন্যদের নির্দেশে’ জোট সরকার গঠনের বদলে তারা খুশিমনে বিরোধীদলে বসবেন।
সূত্র: এআরওয়াই










