ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির মারিওপোল শহরে অবস্থিত সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসিয়েন্ট মসজিদে বোমা হামলা চালিয়েছে রাশিয়া।
ওই শহরে উপর্যুপরি বোমা হামলা চলমান থাকায় মসজিদটিতে কিছু মানুষ আশ্রয় নিয়েছিল। এদের মধ্যে তুরস্কের নাগরিকসহ শিশু ও বয়োজ্যেষ্ঠ মিলে ৮০ জনের বেশি ছিল।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারিওপোলের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। রুশ সেনারা পুরো শহর ঘিরে রেখেছে। শহরটিতে কয়েক লাখ মানুষ আটকে পড়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, “রাশিয়ার দখলদারেরা মারিওপোল শহরের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসিয়েন্ট মসজিদে বোমা হামলা চালিয়েছে। সেখানে ৮০ জনের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল।”
তবে মসজিদে বোমা হামলার ঘটনায় হতাহতের সংখ্যা বা এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ইউক্রেন আক্রমণের শুরু থেকেই রাশিয়া সাধারণ মানুষজনকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে।











