জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি সোনার বাংলা নরক বানিয়েছে। তাদের অসুস্থ প্রতিযোগিতা যেনতেনভাবে ক্ষমতায় যেতে। একটি দল যেকোনো মূল্যে ক্ষমতা আকড়ে থাকতে চায়। আর আন্য দলটি যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতার লোভে তাদের সামনে দেশ ও দেশের মানুষ মূল্যহীন হয়ে পড়েছে। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি, আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই।
শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, তিন জোটের রূপরেখা অনুযায়ী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৯০ সালে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেন। এরপর আওয়ামী লীগ ও বিএনপি সীমাহীন দুর্নীতি করে দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে। দুটি দল শুধু দলের নেতা ও কর্মীদের স্বার্থ বোঝে। তারা দেশ ও মানুষের স্বার্থ বোঝে না। ব্যাংকে টাকা নেই, ব্যাংকগুলো বড় লেনদেন করতে পারে না।
তিনি বলেন, ১৯৯০ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সংবিধানে ইচ্ছে মতো কাটাকাটি করে স্বৈরতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের ওপর নাখোশ আর বিএনপিকে বিশ্বাস করে না। গণমানুষের অধিকার নিয়ে মাঠে নামলেই দেশের সুশীল সমাজ জাতীয় পার্টির সাথে থাকবে। দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি চায়। একটি চক্র সিন্ডিকেট করে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বি করেছে। সরকারের যেন কিছুই করার নেই। বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ। মানুষ দুটি দলকে আর চায় না।










