spot_img

বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরিতে আগুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুই মার্কিন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, রণতরিটির লন্ড্রি বা কাপড় ইস্ত্রি করার অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এই অগ্নিকাণ্ডের সঙ্গে ইরান–সংক্রান্ত চলমান উত্তেজনা বা কোনো শত্রুপক্ষের হামলার সম্পর্ক নেই।

বিবৃতিতে বলা হয়, আগুন লাগার পরপরই রণতরিটির নিজস্ব অগ্নিনির্বাপণ দল দ্রুত ব্যবস্থা নেয় এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেন্টকম আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডে জাহাজটির কাঠামোগত বা যান্ত্রিক কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। বিশেষ করে রণতরিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ‘প্রোপালশন প্ল্যান্ট’ বা ইঞ্জিন রুম সম্পূর্ণ অক্ষত রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এই ঘটনায় জাহাজটির চলাচল বা যুদ্ধকালীন অপারেশনাল সক্ষমতার ওপর কোনো প্রভাব পড়েনি। এটি বর্তমানে লোহিত সাগর এলাকায় মোতায়েন অবস্থায় রয়েছে এবং নির্ধারিত দায়িত্ব পালন করতে সক্ষম।

অগ্নিকাণ্ডে আহত দুই নাবিককে জাহাজেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং উন্নত চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে সেন্টকম।

উল্লেখ্য, পেন্টাগন সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে ক্যারিবীয় অঞ্চল থেকে অত্যাধুনিক এই বিমানবাহী রণতরিটিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ