দেশের ১১ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
সোমবার (১২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, যশোর, খুলনা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।











