সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমেরিকার ভিসানীতি সহায়ক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (১২ জুন) সকালে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ভিসানীতি সমর্থন করি। এতে যা বলা হয়েছে তা দেশের ও জনগণের পক্ষে যায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে, যারা এতে বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের ঢুকতে দেবে না।
বাংলাদেশে এখন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে অনেক জিনিস শ্রীলঙ্কার মানুষ আমাদের চেয়ে কম দামে কিনতে পারছে। আমাদের রিজার্ভ কমেছে, আমদানি কমেছে ও বেকারত্ব বেড়েছে। সবমিলিয়ে আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি।
এ সময় জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু, জেলা জাতীয় পার্টির নেতা আবুল কাশেম ও মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










