spot_img
spot_imgspot_img

নাশকতার এক মামলায় মাওলানা মামুনুল হকের জামিন

নাশকতার এক মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও সাবেক হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আর পল্টন থানায় দায়ের করা অপর দুটি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১২ জুন) হাইকোর্টের পৃথক দুটি ডিভিশন বেঞ্চ থেকে তার জামিনের বিষয়ে শুনানি নিয়ে একটি মামলায় জামিন ও অপরটি দুটিতে রুল জারি করেন আদালত।

মাওলানা মামনুল হকের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আজকে একটি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এদিকে পল্টন থানায় দায়ের করা দুই মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

অন্যদিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মাদ আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি মুহাম্মাদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক মামলায় জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

মাওলানা মামুনুল হকের আইনজীবী মুহাম্মাদ হেলাল উদ্দিন মোল্লা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মাদ সারওয়ার হোসেন বাপ্পী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আইনজীবী জয়নুল আবেদীন আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে একটি আন্দোলন হয়। এ আন্দোলনে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি বিক্ষোভ করেছেন। পল্টনে দোকান ভাঙচুর করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু যে ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন তিনি কোনো দোকানের মালিক নন। তিনি পিটিশনে উল্লেখ করেছেন তিনি একজন সচেতন নাগরিক। ক্ষতিগ্রস্ত না হয়ে এক সচেতন নাগরিকের পক্ষে মামলা হতে পারে না। পরে শুনানি শেষে আদালত পল্টনের দুটি মামলায় তাকে রুল দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ