রাশিয়ার বিশেষ ছাড় চুক্তির অপরিশোধিত তেলের প্রথম চালান এসে পৌঁছেছে পাকিস্তানে।
সোমবার (১২ জুন) পিউর পয়েন্ট নামের একটি রাশিয়ান কার্গো জাহাজে অপরিশোধিত তেলের প্রথম চালানটি করাচি বন্দরে এসে পৌঁছে।
সংকটকালীন সময়ে বিশেষ ছাড় চুক্তিতে তেল পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে পাকিস্তান সরকার। একে সমৃদ্ধি ও উন্নতির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে তারা।
বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক টুইট বার্তায় বলেন, আজ জাতিকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর একটি আমি পূরণ করতে পেরেছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, রাশিয়ান অপরিশোধিত তেলের প্রথম কার্গো জাহাজ করাচি বন্দরে এসে পৌঁছেছে। আজকের দিনটি আমাদের জন্য দিন বদলের।
এর মাধ্যমে একই সময়ে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, সামর্থ ও সমৃদ্ধির পথে এক ধাপ এগিয়ে গিয়েছি।
এটি পাকিস্তানে আসা প্রথম রাশিয়ান তেলবাহী কার্গো জাহাজ। এর মাধ্যমে পাকিস্তান ও রাশিয়ান ফেডারেশনের মাঝে একটি নতুন সম্পর্কের সূচনা হয়েছে।
এছাড়া জাতীয় এই স্বার্থে যারা অবদান রেখেছেন তাদেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
পাকিস্তান রিফাইনারি লিমিটেড (পিআরএল) এর তথ্যমতে, চুক্তিকৃত তেল সরবরাহের উদ্দেশ্যে প্রথম দফায় ৪৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল পাঠিয়েছে রাশিয়া। চলতি সপ্তাহের শেষ দিকে আরো ৫০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল পাকিস্তান এসে আসবে বলে আশা করা হচ্ছে। আজকের চালানের অপরিশোধিত তেলগুলো আগামীকালই প্রক্রিয়াজাত করা শুরু করে দেওয়া হবে।
পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদ্দেক মালিক সংবাদমাধ্যমকে জানান, তেলের নিয়মিত জোগান শুরু হলে দেশে তেলের দাম হ্রাস পাবে। কিছুটা হলেও স্বস্তি ফিরবে দেশে।
সূত্র: আল জাজিরা










