রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।
রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।
সোমবার (১২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের চারজন, পাবনার একজন, নওগাঁর দুজন ও চাঁপাইনবাবগঞ্জের দুজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২২৯ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৮৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৭ জন।











