ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির কর্পোরেশন সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২২ অর্থবছরের ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাস করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডিএনসিসির ২য় পরিষদের ৭ম কর্পোরেশন সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন তিনি।
ডিএনসিসি মেয়র প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরে ২০২১-২০২২ অর্থবছরের ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার বাজেট উত্থাপনপূর্বক পাসের আহ্বান জানালে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।
বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে একটি সময়োপযোগী ও চমৎকার বাজেট উপহার দেয়ায় সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে মো. আতিকুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এসময় ডিএনসিসি মেয়র বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্টু লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারীর মধ্যে রয়েছে। তাই করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।












