বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং গ্যাস-বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে থেকে শুরু হয়ে শনিরআখড়ায় গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, তিনি বার বার গনতন্ত্রকে হত্যা করে আবার ইভিএম এর মাধ্যমে ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করতে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। কিন্তু তিনি আর সফল হবেন না। এ দেশের জনগণ ইভিএম মেনে নেবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এবং নির্বাচন হবে ব্যালটে সিলের মাধ্যমে।
রিজভী আহমেদ আরও বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে বার বার গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ছে। জনগণের টাকা লুট করতে এসব জিনিসের দাম বাড়াচ্ছে সরকার। তিনি বলেন বর্তমানে বাংলাদেশে শ্রীলঙ্কার সকল অবস্থা বিদ্যমান। দেশকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করতে হলে এ সরকারকে বিদায় করতে হবে।










