রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। পুরো নয়াপল্টন এলাকা লোকারণ্য হয়ে পড়েছে। ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছে নয়াপল্টনে।
এছাড়া গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, সাভারসহ আশপাশের জেলা থেকে বাস-ট্রাক, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে করে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এদিকে সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা ও আটকের অভিযোগ করেছে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশের ব্যানারে লেখা হয়েছে ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণা’।










