spot_img

আওয়ামী লীগের পক্ষ থেকে ‘এক দফা’ ঘোষণা করলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক স্বপ্ন মারা গেছে, আরেক স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে? শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা, সংবিধান সম্মত নির্বাচন; আমাদের এক দফা, শেখ হাসিনাকে রেখেই নির্বাচন।

বুধবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির খবর জানেন? তাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না। বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে। তারা শেখ হাসিনাকে হিংসা করে। শেখ হাসিনার অপরাধ তিনি উন্নয়ন করেছেন; শেখ হাসিনার অপরাধ ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়বেন।

বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, আপনারা চান অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরাও সেটা চাই। সেই সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিহত করব।

তিনি বলেন, তারা পদ্মা সেতু চায়নি, তারা মেট্রো রেল চায়নি, তারা এক দিনে ১০০ সেতুর উদ্বোধন চায়নি, তারা রূপপুর প্রকল্প চায়নি, সেই উন্নয়ন যাদের পছন্দ নয়, তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল, আজকেও কাঁথা, বালিশ নিয়ে লোক আনার চেষ্টা করেছে। আগে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ডিসেম্বরে গোপীবাগের গরুর হাটে গিয়ে মারা গেছে। আরেক স্বপ্ন দেখছে। কী স্বপ্ন? শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এক দফ পল্টনের কাদা পানিতে আটকে গেছে। বৃষ্টির পানিতে নয়া পল্টনের কাদা পানিতে বিএনপির স্বপ্ন আটকে গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ