ঠাকুরগাঁওয়ের হরিপুরে মো. আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে হরিপুর ইউনিয়নের অন্তর্গত মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩/ হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান আসকর আলী। তখন তাকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এসে দেখেন তার মরদেহ কাটাতারে ঝুলে আছে।
কুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, শনিবার ভোররাতে হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহতের খবর শুনেছি। তবে এটি ৪২ বিজিবি দিনাজপুরের আওতাধীন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
নিহত মো. আসকর আলী উপজেলা হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।











