পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকারকে।
শনিবার (১২ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন দেশটির বিদায়ী বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ।
রাজা রিয়াজ বলেন, আমরা আগেই বলেছিলাম, ছোট কোনো প্রদেশ থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়া উচিত। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন বলে আমরা ঐকমত্যে পৌঁছেছি।
পাকিস্তানের বিরোধী দলীয় নেতা বলেন, আমি তার নাম দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী তার বিষয়ে সম্মতি দিয়েছেন। আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।
আগামীকাল রোববার (১৩ আগস্ট) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকার শপথ নেবেন বলে জানিয়েছেন রাজা রিয়াজ।
সূত্র : দ্য ডন










