দীর্ঘদিন ধরে তালেবান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আফগান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো তথ্যের জন্য তার সঙ্গেই ফোনে যোগাযোগ করতো। কিন্তু গত ১৫ আগস্ট তালেবান কাবুল জয় করার পর সংবাদ সম্মেলনের আগে তাকে কখনোই টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। এ জন্য জাবিউল্লাহ মুজাহিদকে অনেকেই রহস্যময় বলে অভিহিতও করেছিলেন।
তবে এবার নিজের বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং জাবিউল্লাহ মুজাহিদ। রবিবার (১২ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন তার একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করা হয়।
সাক্ষাতকারে তিনি বলেন, মার্কিন ও আফগান সেনারা ধরেই নিয়েছিল আমার অস্তিত্ব নেই। আমাকে ধরতে তাদের এত অভিযান থেকে আমি ফাঁকি দিয়েছি যে তারা ভাবতে শুরু করে জবিউল্লাহ কোনও সত্যিকার ব্যক্তি না, বানানো কোনও চরিত্র।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, এত কিছুর পরও আমি আফগানিস্তানে মুক্তভাবে বিচরণ করতে পেরেছি। আমার মনে হয় তাদের এই মনোভাব এক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি দীর্ঘদিন কাবুলে তাদের নাকের ডগায় বাস করেছি। আমি সারা দেশ চষে বেড়িয়েছি। যুদ্ধক্ষেত্রে তালেবানের অভিযানের সরাসরি তথ্য আমি পেয়েছি। কিন্তু শত্রুদের জন্য ছিল তা রহস্যঘেরা।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমার অবস্থান জানতে মার্কিন সেনারা স্থানীয়দের অর্থ দিতো। এই তথ্যের ভিত্তিতে তারা নিশ্চয়ই অনেক অভিযান চালিয়েছে। কিন্তু আমি কখনও আফগানিস্তান ছাড়িনি বা ছাড়ার চেষ্টা করিনি। এমনকি, আমার ভাবনাতেও বিষয়টি আসেনি।












