বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণের মানদণ্ড ঠিক করার কোনো নৈতিক অবস্থান আমেরিকার নেই।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
বাঘাই বলেন, নাইন-ইলেভেনের বার্ষিকীতে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অসংগতিতে পূর্ণ। একদিকে আমেরিকা আগ্রাসন চালাচ্ছে, কাপুরুষোচিত হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের হতাহত করছে। অন্যদিকে সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণ এবং কার সহিংসতা বৈধ, তা ঠিক করার একচ্ছত্র অধিকার দাবি করছে। তার মতে, এ দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না।
তিনি বলেন, নাইন-ইলেভেনের হামলাকারীরা ইরানি ছিল না। তারা ছিল এমন লোক, যাদের বিগত দশকগুলোতে আমেরিকা নিজেই অস্ত্র দিয়ে, সংগঠিত করে কিংবা অন্য কোনোভাবে গড়ে তুলেছিল।
বাঘাই আরও বলেন, নাইন-ইলেভেনের হামলার পর আমেরিকা যে তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ শুরু করেছিল, তার ফলে আফগানিস্তান ও ইরাকে বছরের পর বছর যুদ্ধ ও দখলদারিত্ব চলে এবং ব্যাপক বেসামরিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে।
ইরানি মুখপাত্রের ভাষ্য, এমন পরিস্থিতিতে নাইন-ইলেভেনের বার্ষিকীকে ইরানের বিরুদ্ধে ‘বেপরোয়া ও বেআইনি যুদ্ধের’ যৌক্তিকতা হিসেবে তুলে ধরা সম্পূর্ণ অযৌক্তিক।
তিনি বলেন, একটি অপরাধমূলক যুদ্ধ, যেখানে একটি সার্বভৌম রাষ্ট্রের কর্মকর্তাদের হত্যা এবং নারী ও শিশুসহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তাকে সন্ত্রাসবিরোধী অভিযানের তকমা দিয়ে নৈতিকভাবে গ্রহণযোগ্য করে তোলা যায় না।
সূত্র : মেহের নিউজ












