ক্যাম্পাসে সব মতের শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত, শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া এবং সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া বজায় রাখার দাবিতে ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ‘রাজনীতি যার যার, শিক্ষা সবার’, ‘শিক্ষার অধিকার কেড়ে নেওয়া চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মিছিলে ব্যবহৃত পোস্টারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি দেখা যায়। মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, “আমরা কোনো রাজনৈতিক ক্ষমতার মোহে নয়, বরং একজন স্বাধীন দেশের নাগরিকের মৌলিক অধিকার, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে দাঁড়িয়েছি। রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন মানুষের শিক্ষা অর্জনের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।”
তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের শিক্ষাজীবন থেকে দূরে রাখা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মবের সংস্কৃতি’ দূর করে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব মতের শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসে সহাবস্থান ও পড়াশোনার অধিকার নিশ্চিত করতে হবে।
সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। নিয়োগ ব্যবস্থায় মেধার ভিত্তিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিও জানান তিনি।
তবে নিষিদ্ধ ছাত্রলীগের এ মিছিলের বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “আজকের সকালের মিছিলের বিষয়ে আমি জানি না, আমার কাছে এ রকম কোনো তথ্য বা ভিডিও ফুটেজ নেই।”












