বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আট হাজার মাইল দূর থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন আমাদের নেতা তারেক রহমান। তিন দিন ধরে এখানে যারা শুয়ে লড়াই করছেন, তারা ভোটের অধিকার ফিরে পেতে এই লড়াই করছেন।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গত এক যুগে এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। সরকার কোথায় চুরি করেনি? মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে। এখন বলছে রিজার্ভের টাকা চিবিয়ে খায়নি। আমরা বলি আপনারা রিজার্ভের টাকা চিবিয়ে নয় গিলে খেয়েছেন।
মির্জা ফখরুল বলেন, আজকে দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। কিন্তু সরকার বলে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। কারা মধ্য আয়ের দেশে গেছে, কাদের আয় বেড়েছে, যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, সরকারের সাথে রয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সারাজীবন লাড়াই করে গেছেন ভোট দেওয়ার অধিকারের জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেরাই নির্বাচন করতে চায়। তারা এককভাবে নির্বাচন এসে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশের জনগণের কথা হলো, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা মানবে না। আওয়ামী লীগ সরকার বলে আমার ভোটও আমি দিব,তোমার ভোটও আমি দিব।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এস এম কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, মো. সেলিমুজ্জামান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।










