শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মুমিনদের হতাশ হওয়ার কোনো কারণ নেই : ডা. খালিদুজ্জামান

ঢাকা-১৭ আসনে পরাজিত হলেও নেতাকর্মী ও সমর্থকদের হতাশ না হতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। তিনি বলেছেন, কল্যাণের রাজনীতি দীর্ঘ পথচলা, ফলাফল যাই হোক মানুষের আস্থা অর্জনের যে যাত্রা শুরু হয়েছে তা থামবে না। একই সঙ্গে তিনি বিজয়ী প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বিজয় মানে কথা রাখা ও জনগণের প্রত্যাশা পূরণের এক মহা পরীক্ষার সূচনা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকা-১৭ আসনের বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন ডা. এস এম খালিদুজ্জামান।

স্ট্যাটাসে ঢাকা-১৭ এর বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী না এলেও, আমি গভীর কৃতজ্ঞতা ও সম্মানের সঙ্গে আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি।” তিনি বলেন, অল্প সময়ে যে ভালোবাসা, সমর্থন ও আস্থা তারা একজন “চিকিৎসক” খালিদকে এবং তার সংগঠনকে দিয়েছেন, সেটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, “অনেক জায়গায় আমরা সামান্য ভোটে পিছিয়ে থেকেছি। কিন্তু এই অল্প ব্যবধানই প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়, মানুষ বিকল্প চায়, মানুষ নীতিভিত্তিক রাজনীতি চায়।” তিনি যোগ করেন, “এই জাগরণই আমাদের শক্তি।”

নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যারা দিন-রাত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, তবুও আদর্শ থেকে সরে যাননি, “আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না, ইনশাআল্লাহ।” তিনি বলেন, “আমরা এক চির অমসৃন পথের যাত্রী।”

তিনি বলেন, “কল্যাণের রাজনীতি একটি দীর্ঘ পথচলা। আজ ফলাফল যাই হোক, মানুষের আস্থা অর্জনের যে যাত্রা শুরু হয়েছে, তা থামবে না।” ভোটকেন্দ্রে গিয়ে যারা সিল দিয়ে ভালোবাসা দেখিয়েছেন, সেটাই আগামী দিনের জন্য তাদের সবচেয়ে বড় পুঁজি হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, “আমাদের আরও গোছালো হতে হবে, আরও দক্ষ হতে হবে, আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে।”
এরপর তিনি বলেন, “মুমিনদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মহান আল্লাহ কখনো পরিশ্রম ও নিয়তকে বিফল করেন না।”

ডা. খালিদুজ্জামান বলেন, “আমি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। বিজয় মানে কথা রাখা আর প্রত্যাশা পূরণের এক মহা পরীক্ষার সূচনা।” তিনি বলেন, “আমি আশা করি তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।” একই সঙ্গে তিনি জানান, “আমরা গঠনমূলক সমালোচনা ও জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবো।”

তিনি বলেন, “আপনাদের ভালোবাসা আমার শক্তি। যোগ-বিয়োগের খেলায় আমি হেরে গেলেও আপনারাই বিজয়ী হয়েছেন।” তিনি আরও বলেন, “আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।” শেষে তিনি দোয়া করেন, “আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ