সামরিক জোট ন্যাটো তথা পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে সামরিক ঘাঁটিতে হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন।
রোববার (১৩ মার্চ) লভিভ অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) নামের এই সামরিক ঘাঁটিতে রুশ সেনারা ৩০টি রকেট নিক্ষেপ করেছে বলেও জানিয়েছেন লভিভের গভর্নর। এর আগে রোববার রুশ সেনারা সেখানে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানা গিয়েছিল।
এদিকে ইউক্রেন জানিয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। কেন্দ্রটি লভিভ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইয়াভোরিভ জেলায় অবস্থিত এবং এটি একটি সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র।
হামলার পর জানানো প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, রাশিয়ার আক্রমণ করা পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। হামলায় হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।











