ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে।
রোববার (১৩ মার্চ) এক ই-মেইল বার্তায় মোদি তাকে এ শুভেচ্ছা জানান। এলডিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক। নরেন্দ্র মোদি।
এর আগে ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ সালেও এলডিপির সভাপতি কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।
আজ (১৩ মার্চ) অলি আহমদের ৮৪তম জন্মদিন। ১৯৩৯ সালের এই দিনে তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আমানত ছাফা এবং মায়ের নাম বদরুননেছা।










