spot_img
spot_img

সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় আমেরিকার ২২ সেনা আহত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় আমেরিকার ২২ সেনা আহত হয়েছেন। গত রোববার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। অবশ্য এই দুর্ঘটনার কারণ উল্লেখ করা হয়নি। এছাড়া আহত সেনাদের শারীরিক অবস্থাও প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গত রোববার হেলিকপ্টার ‘দুর্ঘটনায়’ আমেরিকার ২২ জন সেনা সদস্য আহত হয়েছেন বলে আমেরিকার সামরিক বাহিনী সোমবার রাতে জানিয়েছে। মার্কিন বাহিনী অবশ্য দুর্ঘটনার কারণ প্রকাশ করেনি বা আহত সেনাদের আঘাতের মাত্রার বিশদ বিবরণও সামনে আনেনি।

আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার পর আহত ১০ জন সেনা সদস্যকে ওই অঞ্চলের বাইরে ভালো চিকিৎসা সেবা সম্পন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা আমেরিকার সৈন্যদের তত্ত্বাবধান করে থাকে আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে শত্রুদের কোনও গোলাগুলির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

বার্তাসংস্থাটি বলছে, সিরিয়ায় প্রায় ৯০০ আমেরিকার সেনা সদস্য মোতায়েন রয়েছে। আর এসব সেনাদের বেশিরভাগই ইসলামিক স্টেটের অবশিষ্টাংশের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে দেশটির পূর্বাঞ্চলে অবস্থান করছে।

অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে ইরান-সমর্থিত মিলিশিয়াদের হাতে আমেরিকান সেনারা বারবার হামলার শিকার হয়েছে। চলতি বছরের মার্চ মাসে সিরিয়ায় হামলা এবং পাল্টা হামলার ঘটনায় ২৫ মার্কিন সেনা আহত হয়েছিল।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ