ডেনমার্কের একটি উগ্র গোষ্ঠীর সদস্যরা আবার পুলিশি নিরাপত্তায় পবিত্র কুরআনের অবমাননা করেছে।
গতকাল শনিবার (১২ আগস্ট) তারা কোপেনহেগেনস্থ তুরস্ক ও ইরাক দূতাবাসের সামনে পবিত্র কুরআনে আগুন দেয়। তুরস্কের বার্তা সংস্থা আনাতোলির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
ড্যানিশ প্যাট্রিয়টস নামের এই গোষ্ঠীর সদস্যরা তাদের জঘন্য ও উস্কানিমূলক অপকর্ম করার সময় ইসলাম বিদ্বেষী স্লোগানও দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পবিত্র কুরআন অবমাননার এ দৃশ্য লাইভ সম্প্রচার করা হয় এবং এ সময় পুলিশকে তাদের নিরাপত্তা দিতে দেখা যায়।
এ নিয়ে ডেনমার্কে গত দুই মাসে বেশ কয়েকবার পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটল। দেশটির সরকার কথিত বাক ও মত প্রকাশের স্বাধীনতার অজুহাত দেখিয়ে কুরআন অবমাননার ঘটনা বন্ধ করার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদের মুখে ডেনমার্কের প্রশাসন কুরআন অবমাননার নিন্দা জানিয়েছে।
ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লারেস লুকা রাসমুসেন সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থে আগুন দেয়া একটি মারাত্মক অবমাননাকর ও বেপরোয়া কর্মকাণ্ড যা মুষ্টিমেয় কিছু লোক করে যাচ্ছে। ডেনমার্কের সমাজ যে মূল্যবোধ মেনে চলে তার সঙ্গে এসব মানুষের আচরণের কোনো সম্পর্ক নেই।
সূত্র : পার্সটুডে











