দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সভায় তার নাম চূড়ান্ত করা হয়। পরে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
অন্যদিকে, সংসদের বিরোধী দল তথা ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র চূড়ান্ত হবে।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।










