spot_img

ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতসহ যেকোনো দেশ সফরের বিষয়ে সরকারের মনোভাব অত্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে প্রধানমন্ত্রীর কোনো বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত আছেন এবং ভারত সফরসহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করে ফাইনাল হবে।

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। সবকিছু নিয়েই দেশের ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে, সেগুলোর কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। সেই জায়গা থেকে সরকারও ব্যস্ত আছে। প্রধানমন্ত্রীও ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সবকিছু মেলে, অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমি আবারও বলছি, সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে। কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপর এবং দুই দেশের আলোচনা কতটুকু এগোচ্ছে, সেটার ওপর।

আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।

ভারতের মাটিতে একজন সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য দেওয়ার প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, আমরা তো আগেই বলেছি, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।

তিনি বলেন, জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেনসিটিভ হতে হবে।

দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবে দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। এবং সেটাও ভারত যেন মনে রাখে, সেটাই আমরা আশা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ